আরসা’র শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার এবং বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এর আরসা’র অন্যতম কমান্ডার রহিমুল্লাহ @ মুছাসহ ০২ জন আরসা সদস্যসহ ০৪ জন’কে কক্সবাজারের উখিয়া থানাধীন তেলখোলা-বরইতলী গহীন পাহাড়ী এলাকা থেকে বিস্ফোরক, দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র্যাব
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত জঙ্গি, মাদক ব্যবসায়ী, জালনোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানবপাচারকারী, প্রতারক, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
বিগত সময়ে কক্সবাজারের জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের শরণার্থী শিবির ও পার্শ্ববর্তী এলাকাসমূহে খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার কেন্দ্রিক কোন্দলসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, শরণার্থী শিবির ও এর সংলগ্ন গহীন পার্বত্য এলাকাসমূহে ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা)’সহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ এ সকল খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে; যার কারণে শরণার্থী শিবির ও স্থানীয় এলাকাবাসী সবসময় ভীত সন্ত্রস্ত থাকে। এছাড়াও সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা শরণার্থী শিবির ও পার্শ্ববর্তী এলাকায় বেশ কয়েকটি হত্যাকান্ড সংঘটিত হয়। গত ২২ জুলাই ২০২৩ তারিখ কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়া-শ্যামলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে আরসা’র শীর্ষ সন্ত্রাসী হাফেজ নুর মোহাম্মদসহ ০৬ জন আরসা সদস্যকে গ্রেফতার করে র্যাব। ইতিপূর্বে বিভিন্ন সময়ে গ্রেফতারকৃতদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব এ সকল সন্ত্রাসী গ্রুপের শীর্ষ সন্ত্রাসীসহ অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারী চলমান রাখে।
